এসি লোকাল উদ্বোধনের দিনেই দমদমে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, হাতাহাতি ও উত্তেজনা

Spread the love

রবিবার রানাঘাট–শিয়ালদহ এসি লোকালের উদ্বোধনী যাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিল রাজনৈতিক সংঘর্ষে। ঐতিহাসিক এই মুহূর্তে ট্রেনে চড়ে দমদমে পৌঁছনো বিজেপির শীর্ষ নেতৃত্বের সামনে ঘটে উত্তেজনাপূর্ণ ঘটনা।

সকালে রানাঘাট স্টেশনে এসি লোকালের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার ও শান্তনু ঠাকুর। উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীরা এসি ট্রেনে যাত্রা করে দমদমে পৌঁছন। দুপুর প্রায় ১২টা নাগাদ ট্রেন থেকে নেমে সুকান্ত মজুমদার স্টেশনের বাইরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে গেলে, অভিযোগ অনুযায়ী, উপস্থিত তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC)-এর কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।

বিজেপির অভিযোগ, স্লোগান দেওয়ার পাশাপাশি তৃণমূল কর্মীরা মহিলা সমর্থকদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং শারীরিকভাবে টানাটানি করা হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “ওরা মহিলাদের হাত ধরে টানাটানি করেছে। এটা অসভ্যতা। তৃণমূল দলটাই এরকম—যারা কসবা কাণ্ড ঘটায়, তারাই এখানে। আর এত যদি বাংলার প্রেম, তাহলে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে কোনও বাঙালিকে আনুক। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা কি বাঙালি?”

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় পাল্টা অভিযোগ এসেছে যে বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে প্ররোচনা সৃষ্টি করেছেন। তবে ঘটনাটির পর উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি, ফলে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *