রাজনীতি মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়—সাধারণত তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনৈতিক বার্তাই প্রাধান্য পায়। কিন্তু শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল একেবারে অন্যরকম রূপ।
প্রথমবারের মতো জিমের পোশাকে দুটি মিরর সেলফি শেয়ার করেছেন অভিষেক। একটি নরমাল, অপরটি ফিল্টার্ড। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সাদা ভেস্ট, শর্টস ও হাতে জিম গ্লাভস পরে। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনেকে প্রথমে বুঝতেই পারেননি ছবিটি আদৌ অভিষেকের কি না, কারণ এ রূপ তাঁর আগে দেখা যায়নি।
অভিষেক যে স্বাস্থ্য সচেতন, তা অবশ্য নতুন কিছু নয়। নিয়মিত শরীরচর্চা, সঠিক ডায়েট মেনে চলা—এসবই তাঁর জীবনযাত্রার অঙ্গ। রাজনৈতিক নেতা হিসেবে যেমন তিনি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়, তেমনি তাঁর স্টাইল স্টেটমেন্টও আলাদা করে নজর কাড়ে।
স্বাভাবিকভাবেই নতুন এই জিম লুকে অভিষেককে দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। রাজনৈতিক ময়দান থেকে ফিটনেস—সব জায়গাতেই যে তিনি সমানভাবে সফল, তারই প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়।


