রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের। আত্মহত্যা নাকি খুন— তা নিয়ে ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। সামনে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিতও।
পরিবার সূত্রে খবর, অনিন্দিতা কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নিজের বাড়িতে ছিলেন। তবে তিনি ছিলেন অস্বাভাবিক মনমরা। সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে যান। পরিবারকে কিছু না জানিয়ে বেরোলেও পরে তাঁদের ফোনে জানানো হয় অনিন্দিতা অসুস্থ হয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।
শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু মাঝরাস্তায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ফের মালদহ মেডিক্যালে ফিরিয়ে আনা হয়। শনিবার সকালে মৃত্যু হয় অনিন্দিতার।
মৃতার পরিবারের অভিযোগ, প্রেমিকই অনিন্দিতাকে খুন করেছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


