স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ফের একবার বাড়ানো হল। গুজরাট হাই কোর্ট জানিয়ে দিয়েছে, তিনি ২১ আগস্ট পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন। চিকিৎসার কারণ দেখিয়ে এবার নিয়ে তৃতীয়বারের জন্য জামিনের মেয়াদ বাড়ানো হল।
এর আগে ৩ জুলাই এক মাসের জামিন পেয়েছিলেন তিনি। তার আগে, ২৭ জুন তাঁকে ৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছিল আদালত। এবারেও হাসপাতালের রিপোর্ট ও চিকিৎসকের সার্টিফিকেট জমা দিয়ে জামিন বাড়ানোর আবেদন করেন আসারাম। যদিও আগের বার তিনি জানিয়েছিলেন, আর জামিন বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করবেন না।
২০১৩ সালে যোধপুরে নিজের আশ্রমে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন আসারাম। ২০১৮ সালে সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা দেয় আদালত। তাঁর পরিবারের সদস্য ও একাধিক শিষ্য এই মামলায় অভিযুক্ত।


