আউশগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে তহবিল গড়মিল ও মিড-ডে মিল নিয়ে চাঞ্চল্য

Spread the love

আউশগ্রামের শোকাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দের টাকা খরচে গড়মিল এবং মিড-ডে মিলের খাবারের নিম্নমান নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল। শনিবার অভিভাবক ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ভিতরে তালাবন্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

বিদ্যালয়টিতে মোট ৯৩ জন ছাত্র-ছাত্রী ও ৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন আবাসিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য মাসে ১৮০০ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তার যথাযথ হিসাব প্রধান শিক্ষক সঞ্জয় দাস দিতে পারেননি।

অভিযোগ আরও, মিড-ডে মিল হিসেবে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে সকাল-সন্ধ্যায় কেবল গুড়-মুড়ি পরিবেশন করা হয়। আবাসিক ছাত্র-ছাত্রীদের প্রতিদিন ভাতের সঙ্গে একটি তরকারিই দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন অভিভাবকরা। অবশেষে এদিন তাঁরা সরাসরি আন্দোলনে নেমে প্রধান শিক্ষককে আটকে রেখে জবাবদিহি চান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়ে। পরে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করে। তবে অভিযোগ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *