ড়দিন উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে এল বিজেপিশাসিত অসম থেকে। নলবাড়ি জেলায় একটি খ্রিস্টান স্কুলে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, হামলার সময় উগ্র স্লোগানও দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে পানিগাঁও এলাকার সেন্ট মেরি স্কুলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল লোক স্কুল চত্বরে ঢুকে ভাঙচুর চালায়। শুধু স্কুল নয়, কাছেই একটি দোকানেও হামলা করা হয় বলে অভিযোগ। ওই দোকানে বড়দিন উপলক্ষে স্যান্টা টুপি ও মুখোশসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছিল।
নলবাড়ি জেলার পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানিয়েছেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। তাঁর কথায়, “স্কুল এবং একটি দোকানে হামলার অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মোট ন’জন এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।”
সেন্ট মেরি স্কুলটি বঙ্গাইগাঁও ডায়োসিসের অধীনে পরিচালিত হয়। স্কুলের ফাদার জেমস ভাদাকেইল জানান, ঘটনার সময় স্কুল সম্পূর্ণ ফাঁকা ছিল, কারণ শীতকালীন ছুটি চলছিল। প্রায় এক হাজার পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। ২০১০ সালে স্কুলটির যাত্রা শুরু হয়।
ফাদার জেমসের দাবি, “দুপুরের দিকে কয়েকজন স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করেন। তিনি উপস্থিত না থাকায় তারা হঠাৎই ভাঙচুর শুরু করে। স্কুলে ভর্তি সংক্রান্ত একটি ব্যানারও নষ্ট করা হয়। সেই সময় ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান শোনা যায়।”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


