এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় নাম বাদ পড়বে না—এমন আশ্বাসের পরেও বাস্তবে ভিন্ন চিত্র। মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা সামনে আসতেই জানা যায়, মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায় ৮৬ হাজারেরও বেশি ভোটারের নাম নেই। এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে তীব্র উদ্বেগ, বিশেষ করে উদ্বাস্তু মতুয়া পরিবারগুলির মধ্যে।
বনগাঁ মহকুমার চার বিধানসভা—বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা—সবক’টিতেই উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বনগাঁ উত্তরে সবচেয়ে বেশি, ২৬ হাজারেরও বেশি ভোটারের নাম খসড়া তালিকায় অনুপস্থিত। বাগদায় বাদ পড়েছে ২৪,৯২৭ জন, বনগাঁ দক্ষিণে ১৮,৫৬৩ এবং গাইঘাটায় ১৬,৬৪২ জনের নাম।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মৃত, স্থানান্তরিত, অস্তিত্বহীন ও অন্যান্য শ্রেণিভুক্ত ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বহু বৈধ ভোটারের নামও তালিকায় নেই। ফলে সংশোধন প্রক্রিয়ায় নাম ফেরানো হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় মতুয়া ভোটারদের বঞ্চিত করার আশঙ্কাই সত্যি হচ্ছে। অন্যদিকে, আগে দেওয়া আশ্বাস বাস্তবে প্রতিফলিত না হওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এখন নজর সংশোধন পর্বে—কত দ্রুত ও কতটা স্বচ্ছভাবে বাদ পড়া নামগুলি ফিরিয়ে আনা যায়, সেটাই বনগাঁবাসীর বড় প্রত্যাশা।


