নেক্সট জেনারেশন জিএসটি কাঠামোকে স্বাগত জানালেও কংগ্রেস মোদি সরকারকে খোঁচা দিল। বিরোধী শিবিরের অভিযোগ, ৮ বছর আগে জিএসটি চালুর সময় থেকেই জটিল করব্যবস্থার বিরোধিতা করেছিল তারা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, মধ্যবিত্তের স্বার্থে জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। রুটি, দুধ, পনির, জীবন ও স্বাস্থ্য বিমা, ৩৩টি জীবনদায়ী ওষুধ থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, প্রায় ১৭৫টি জিনিসের দাম কমবে।
তেল, ঘি, মাখন, বিস্কুট, পাস্তা, চানাচুর, সসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে জিএসটি ১৮% বা ১২% থেকে নেমে দাঁড়াল ৫%-এ। একইভাবে সাবান, শ্যাম্পু, ট্র্যাক্টর, কীটনাশক, চিকিৎসা ও কৃষিক্ষেত্রের নানা পণ্যে জিএসটি কমানো হয়েছে।
প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম বলেন, “নতুন জিএসটি কাঠামোকে আমরা স্বাগত জানাই। কিন্তু এত দেরি কেন? ৮ বছর আগে এমন ব্যবস্থা হওয়া উচিত ছিল। আমরা তখন থেকেই বিরোধিতা করেছি।” তাঁর প্রশ্ন, “হঠাৎ এতদিন বাদে বদল কেন? বৃদ্ধির হার কমছে বলে? আয় ও সঞ্চয় কমছে বলে? বিহার নির্বাচন বলে? নাকি ট্রাম্পের শুল্কের ভয়?”
👉 বিরোধীদের দাবি, সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের ফল হলেও সাধারণ মানুষের কাছে তা স্বস্তির বার্তা বয়ে আনবে।


