প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফর ঘিরে ফের তীব্র কটাক্ষ কংগ্রেসের। এসসিও সম্মেলনে পাকিস্তানকে একহাত নিলেও চিনের ভূমিকা নিয়ে মোদির নীরবতাকে নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, “আসলে ড্রাগনের সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করছে হাতি।”
এসসিও-র মঞ্চ থেকে মোদি বলেন—সন্ত্রাসবাদকে সমর্থন করা কোনও দেশের পক্ষেই গ্রহণযোগ্য নয়, সবাইকে একজোট হয়ে মোকাবিলা করতে হবে। কিন্তু জয়রামের অভিযোগ, “ভারত বহুদিন ধরেই চিনের দ্বিচারিতার বিরুদ্ধে সরব। অথচ আজ মোদি বলছেন ভারত ও চিন দু’দেশই সন্ত্রাসবাদের শিকার। এটাকে যদি আত্মসমর্পণ না বলা হয়, তবে আর কী?”
‘কোটোইং’ প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেস নেতা—চিনের প্রাচীন প্রথা, যেখানে নতজানু হয়ে সম্মান জানাতে হয়। জয়রামের কটাক্ষ, “মোদি সেই কাজটাই করছেন।”
এখানেই থামেননি তিনি। তাঁর আরও অভিযোগ, “অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান-চিন যুগলবন্দি ছিল, ভারতের সেনা কর্তারা সেটি প্রকাশ্যে বলেছেন। অথচ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মোদি এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।”
শেষে সরাসরি আক্রমণ—“৫৬ ইঞ্চি ছাতি আসলে একেবারেই ফাঁপা।”
উল্লেখ্য, মোদি-জিনপিং বৈঠক নিয়ে রবিবারও কংগ্রেসের তরফে সমালোচনা শোনা গিয়েছিল।


