দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক কিশোরের খুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য। খুনের প্রধান অভিযুক্ত, একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেপ্তারি সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মনোজিৎ বরানগরের এসপি ব্যানার্জী রোডের বাসিন্দা এবং বাগবাজার উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। এদিন সকালেই সে পরীক্ষা দিতে বেরোয় এবং পরীক্ষা শেষে স্কুলের বাইরে সহপাঠীর সঙ্গে তার বচসা শুরু হয়। শ্যামবাজার মেট্রো স্টেশনেও দু’জনের মধ্যে ঝামেলা চলতে থাকে। এরপর তারা আরও দুই বন্ধুকে নিয়ে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ওঠে।
স্টেশনের দোতলার এক্সিট গেট দিয়ে বেরোনোর পর ফের বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় আগরপাড়ার বাসিন্দা সহপাঠী ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতকে একাধিক কোপ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং ঘটনাস্থলে যান। তিনি জানান, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে খুন হয়েছে এক ছাত্র। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে নিহতের সঙ্গে থাকা বাকি দুই পড়ুয়ারও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


