অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার-কে ঘিরে নতুন বিতর্ক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে তাঁকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার, অর্থাৎ ইস্টার সানডের রাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিডনির রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎই তাঁর গাড়ি থামিয়ে নিঃশ্বাস পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষার পরই তাঁকে সারে হিলস থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার পরীক্ষাতেও একই ফল আসে—আইনসিদ্ধ সীমার প্রায় দ্বিগুণ মাত্রায় অ্যালকোহল ছিল তাঁর শরীরে।
যদিও ওয়ার্নারের দাবি একেবারেই আলাদা। পুলিশের জেরায় তিনি জানিয়েছেন, বন্ধুর সঙ্গে বসে তিনি মাত্র তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। এরপর তিনি মারৌব্রায় নিজের বাড়ির উদ্দেশে গাড়ি চালিয়ে ফিরছিলেন। কিন্তু সেই সময়ই ধরা পড়েন পুলিশের জালে।
অস্ট্রেলিয়ার আইনে এই মাত্রার মদ্যপানকে ‘মিড রেঞ্জ ড্রিংক অ্যান্ড ড্রাইভ’ হিসেবে ধরা হয়। এর ফলে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে, এমনকি জরিমানা বা অন্যান্য শাস্তির মুখেও পড়তে পারেন তিনি। যদিও আপাতত জামিনে মুক্তি পেয়েছেন এই অজি ওপেনার।
এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। দু’টি ম্যাচের মাঝে বিরতি থাকায় ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। তবে এই ঘটনার পরও তাঁর পিএসএল খেলা নিয়ে কোনও সমস্যা হচ্ছে না। কারণ ‘মিড রেঞ্জ’ অপরাধে সাধারণত বিদেশ সফরে বাধা দেওয়া হয় না।
আগামী ৯ মে আদালতে হাজিরা দিতে হবে ডেভিড ওয়ার্নার-কে। তবে তার আগে ৯ এপ্রিলের ম্যাচে তাঁকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।


