নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঘটল রক্তাক্ত নৃশংসতা। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই দিনই দু’জন বর্তমান মন্ত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনাও ঘটে। টানা এই দুই হামলায় আতঙ্ক ছড়িয়েছে কাঠমান্ডুসহ সমগ্র নেপালে।
স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গভীর রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়। তাতে গুরুতর দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। ঘটনার খবর ছড়াতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
অন্যদিকে, রাজধানীর কাছেই এক জনসভায় যোগ দিতে গিয়েছিলেন নেপালের দু’জন মন্ত্রী। সেখানেই উত্তেজিত ভিড় তাঁদের গাড়ি আটকে মাটিতে ফেলে মারধর করে। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুই মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনাগুলির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি স্থানীয় ক্ষোভ—তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছে না প্রশাসন। তবে নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দল ইতিমধ্যেই সরকারের কাছে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে।


