সন্ত্রাসের হুমকি মাথায় রেখেই খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর বন্ধ রাখা হয়েছিল এই পর্যটন কেন্দ্রগুলি। শুক্রবার শ্রীনগরে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
জানা গেছে, কাশ্মীরে সাতটি এবং জম্মু অঞ্চলে পাঁচটি পর্যটন কেন্দ্র খোলা হবে। এর মধ্যে কাশ্মীরে আরু ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নার, আক্কাডা পার্ক, পাদশাহি পার্ক ও কামান পোস্টের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ডিভিশনে খোলা হচ্ছে দাগন টপ, রামবান, কাঠুয়ার ধাগ্গার, সালালের শিবক্যাভ এবং রেসাই।
তবে নিরাপত্তাজনিত কারণে এখনও খোলা হচ্ছে না বৈশরণ ভ্যালি। প্রশাসনের দাবি, পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পহেলগাঁও হামলার পর ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ায় রাজ্যের পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছিল। উৎসবের আবহে ফের নতুন করে ছন্দে ফিরতে চলেছে ভূস্বর্গ।


