জম্মু ও কাশ্মীর জুড়ে প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। টানা মুষলধারে বৃষ্টিতে একাধিক জায়গায় ভূমিধস ও জলবন্দি অবস্থা দেখা দিয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৩৫ ছাড়িয়েছে, আহত হয়েছেন অনেকে। বিশেষত বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু তীর্থযাত্রী। রাজ্যের বিভিন্ন নদী বিপদসীমার উপরে বইছে, গ্রামীণ অঞ্চল প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা অচল হয়ে পড়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। বহু সড়ক, সেতু ও রেলপথ ভেসে গিয়েছে বা অবরুদ্ধ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সেনা, এনডিআরএফ ও এসডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সকলেই গভীর শোক প্রকাশ করেছেন ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আবহাওয়া দপ্তর আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জম্মুতে প্রবল বর্ষণে মৃতের সংখ্যা ৩৫ ছাড়াল, বহু আহত, ভেস্তে গেল নেট পরিষেবা


