আবারও জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার, ২৬ আগস্ট তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন এবং জেলার সাধারণ মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন।
সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষরাও থাকবেন বৈঠকে। এদিন তিনি সরাসরি জমির পাট্টা বিলি করতে পারেন। পাশাপাশি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে উপভোক্তাদের হাতে। একাধিক নতুন প্রকল্পের শিলান্যাসও হতে পারে তাঁর সফরে।
এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকে সভাস্থল হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জেলা শাসক আয়েশা রানি এ এবং পুলিশ সুপার সায়ক দাস শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন। জানা গিয়েছে, সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে সব স্তরে প্রস্তুতি চলছে। তাঁর হাত ধরে বেশ কিছু নতুন প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পগুলির চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।”


