ছ’মাসে মীরার অন্নপ্রাশন, বাবার হাতেই প্রথম ভাত খেল অহনা-দীপঙ্করের কন্যা

Spread the love

ছ’মাস পূর্ণ করল ছোট্ট মীরা। অভিনেত্রী অহনা দত্ত ও রূপটান শিল্পী দীপঙ্কর রায়–এর মেয়ের অন্নপ্রাশন ঘিরে রবিবার ছিল ঘরোয়া কিন্তু আবেগে ভরা আয়োজন। ২২ ফেব্রুয়ারি বাড়িতেই অনুষ্ঠিত হয় একরত্তির মুখে ভাতের অনুষ্ঠান। সেই বিশেষ দিনের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অহনা নিজেই।
অন্নপ্রাশনের প্রস্তুতি থেকে গায়ে হলুদ, আর তারপর মেয়ের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার দৃশ্য—সবটাই ধরা পড়েছে ভিডিওতে। ছোটপর্দার পরিচিত মুখ ‘মিশকা’ নামে জনপ্রিয় অহনার জীবনে ‘পেরেন্টহুড’-এর পর এটি প্রথম বড় পারিবারিক অনুষ্ঠান। তাই আয়োজনেও ছিল যত্নের ছোঁয়া। এদিন মেয়েকে কোলে নিয়ে পাশাপাশি বসে অনুষ্ঠান সারেন অহনা ও দীপঙ্কর। আর রীতি মেনেই ছোট্ট মীরার মুখে প্রথম প্রসাদ তুলে দেন বাবা দীপঙ্কর রায় নিজে।
হলুদ ও অফ-হোয়াইট রঙের মিলিয়ে পোশাকে সেজেছিলেন তিনজনেই। আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয় অন্নপ্রাশন। ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে আর একদিন প্রীতিভোজের আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। এদিন কৃষ্ণ আরাধনা সেরে তবেই মেয়ের অন্নপ্রাশনে বসেন দম্পতি। সেই কারণেই পুরো আয়োজন ছিল নিরামিষ। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি পনির, আলুর দমের মতো একাধিক পদ।
তবে এদিনও চোখে পড়েনি অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়–কে। প্রেম করে বিয়ে করার পর থেকেই মা-মেয়ের দূরত্বের কথা অজানা নয়। কিন্তু ব্যক্তিগত সেই আক্ষেপকে পাশে সরিয়ে রেখে জীবনের আনন্দের মুহূর্তগুলোকে আপন করে নিতে জানেন অহনা। মেয়েকে ঘিরে নতুন অধ্যায়ে তিনি যে সুখেই আছেন, তা এদিনের হাসিমুখেই স্পষ্ট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *