আইএনএস বিক্রান্তে দিওয়ালি উদযাপন করলেন প্রধানমন্ত্রী মোদি, সৈনিকদের সাহস ও দেশের গৌরবের বার্তা দিলেন

Spread the love

প্রতি বছরের মতো এবারও সেনাদের সঙ্গেই আলোর উৎসব দিওয়ালি কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি উপস্থিত হন ভারতের গর্ব আইএনএস বিক্রান্তে, যেখানে নৌসেনার জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন প্রধানমন্ত্রী। গতকাল রাতেই তিনি গোয়ায় পৌঁছে যান এবং ভোর থেকেই যুদ্ধজাহাজের ডেকে নৌসেনার সঙ্গে সময় কাটান।

দীপাবলির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী স্মরণ করালেন ভারতীয় নৌসেনার ঐতিহ্য ও অপারেশন সিঁদুরের সাফল্য। তাঁর কথায়, “আইএনএস বিক্রান্ত শুধু এক যুদ্ধজাহাজ নয়, এটি আত্মনির্ভর ভারতের প্রতীক। এই জাহাজের গর্জন আজও শত্রুর মনে ভয় জাগায়।” পাকিস্তানকে লক্ষ্য করে তিনি বলেন, “যখন ভারতের সমুদ্র শক্তি জাগে, তখন শত্রুরা জানে—ভারতকে চ্যালেঞ্জ করা সহজ নয়।”

এদিন বিক্রান্তের ডেকে দাঁড়িয়ে নৌসেনার বিমানবাহিনীর এক চিত্তাকর্ষক শক্তি প্রদর্শনও দেখেন প্রধানমন্ত্রী। এরপর জওয়ানদের সঙ্গে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এবং তাঁদের পরিবারদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

প্রধানমন্ত্রীর কথায়, “আমার জীবনের প্রতিটি দীপাবলি আমি কাটাই আমার প্রকৃত পরিবারের সঙ্গে—আমাদের সেনাদের সঙ্গে। তাঁদের ত্যাগ, সাহস আর নিষ্ঠার জন্যই ভারত আজ গর্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে।”

উৎসবের শেষে প্রধানমন্ত্রী সৈনিকদের সঙ্গে একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন—আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি ভারতের সেনাবাহিনী অশুভ শক্তিকে পরাজিত করতে সদা প্রস্তুত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *