কর্নাটকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে চিঠি লিখে রাজ্যে সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করার আবেদন জানান। সেই প্রেক্ষিতেই রবিবার প্রতিক্রিয়া জানালেন সংঘ প্রধান মোহন ভাগবত।
বেঙ্গালুরুতে আরএসএসের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত বলেন, “সমালোচনাই আমাদের আরও বিখ্যাত করেছে। কর্নাটকে আমরা তা দেখেছি। যারা সমালোচনা করছেন, তাঁদের বলব— আরও প্রশ্ন করুন।” তাঁর বক্তব্য, “সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। আমাদের কাজ অনেক, সময় নষ্ট করারও সুযোগ নেই।”
আরএসএস কেন নিবন্ধিত নয়, কংগ্রেসের সেই প্রশ্নেরও উত্তর দেন ভাগবত। তাঁর কথায়, “১৯২৫ সালে যখন সংঘের জন্ম, তখন ব্রিটিশ শাসন ছিল। তাই নিবন্ধনের প্রশ্নই ওঠে না। স্বাধীন ভারতে নিবন্ধন বাধ্যতামূলক নয়। আমরা ব্যক্তি-সমষ্টি হিসেবে আইনি স্বীকৃতি পেয়েছি।”
তিনি আরও জানান, “আরএসএস-কে তিন বার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু প্রতিবারই আদালত সেই নিষেধাজ্ঞা খারিজ করেছে। সংসদে আমাদের পক্ষে ও বিপক্ষে বহুবার আলোচনা হয়েছে। আমরা আইনত স্বীকৃত সংগঠন এবং সংবিধানবিরোধী নই।”
হিন্দু ধর্মের সঙ্গে তুলনা টেনে সংঘ প্রধানের সংযোজন, “অনেক কিছুই আছে যা নিবন্ধিত নয়— হিন্দু ধর্মও তেমনই।”


