২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণে আজ, ১০ নভেম্বর, রাজ্যজুড়ে পালিত হচ্ছে নন্দীগ্রাম দিবস। সেই প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল তীব্র রাজনৈতিক বার্তা।
এক্স (X) হ্যান্ডলে অভিষেক লিখেছেন— “২০০৭ সালের এই দিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা সেদিনই প্রমাণ হয়েছিল। সিপিএম যেমন শিক্ষা পেয়েছিল, বিজেপিও সেই শিক্ষাই পাবে—ব্যালট বক্সেই ভাঙবে তাদের দর্প।”

তৃণমূল সাংসদ আরও বলেন, “এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য ও জমিদারি মানসিকতার জবাব দেবে মানুষই।”
২০০৭ সালের এই দিনেই শুরু হয়েছিল ‘অপারেশন সূর্যোদয়’, নন্দীগ্রামের ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায়। প্রতি বছর এই দিনটি শহিদ স্মরণে পালন করে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই এক্সে পোস্ট করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী—যিনি একসময়ে তৃণমূলেরই সৈনিক ছিলেন—নন্দীগ্রামেই আয়োজন করেন স্মরণ অনুষ্ঠান।

দুই পক্ষের পৃথক মঞ্চে শ্রদ্ধা নিবেদন হলেও, নন্দীগ্রামের শহিদদের স্মৃতি আজও একত্রে মনে করিয়ে দেয়—বাংলায় গণআন্দোলনের সেই ঐতিহাসিক শক্তিকে।


