ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপে কেন্দ্র, কমতে পারে দৈনিক ১১০টি উড়ান

Spread the love

দেশজুড়ে একের পর এক উড়ান বাতিল, সময়সূচি বিপর্যস্ত হওয়া এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছানোর পর অবশেষে কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র। সূত্রের দাবি, পরিষেবা বিপর্যয়ের জেরে ইন্ডিগোর কাছ থেকে দৈনিক অন্তত ১১০টি উড়ান পরিচালনার অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উড়ানগুলি অন্য বিমান সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারের তরফে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে দেশের বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে ইন্ডিগোর কমানো উড়ানগুলি কোন কোন সংস্থা পরিচালনা করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্ডিগোর মোট উড়ানের প্রায় ৫ শতাংশ কাটছাঁট করা হবে এবং পরিস্থিতি না বদলালে সেই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে শুধু উড়ান কমিয়েই ক্ষান্ত হতে চাইছে না কেন্দ্র। ইন্ডিগোর বিরুদ্ধে বড়সড় জরিমানা আরোপ করা হতে পারে বলেও জানা গেছে। এমনকি সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু স্পষ্ট জানিয়েছেন যে যাত্রীদের দুর্ভোগ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র মোটেই হালকাভাবে নিচ্ছে না। প্রয়োজন হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা হিসেবে ইন্ডিগোর প্রতিদিন প্রায় ২৩০০টি উড়ান চলাচল করে। কিন্তু গত সাতদিন ধরে পরিস্থিতি সম্পূর্ণভাবে অচল। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার দাবি করলেও বাস্তবে অষ্টম দিনেও প্রায় আড়াইশো উড়ান বাতিল হয়েছে বলে জানা যায়। বিমানবন্দরে যাত্রীদের ভিড় বাড়ছে, সঙ্গে ক্ষোভও।

কেন্দ্রের এহেন সিদ্ধান্তে ভবিষ্যতে ভারতীয় বিমান পরিবহণ শিল্পে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাত্রীসেবার মান নিয়ে নতুন করে নিয়ম, শর্ত এবং কঠোরতা আসবে কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *