সাধারণতন্ত্র দিবসের আগে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল পঞ্জাব। রেললাইনে বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালক। বিস্ফোরণে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।
পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ এলাকায় শুক্রবার রাতে রেলপথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেই সময় মালবোঝাই ট্রেনটি ওই লাইনে চলাচল করছিল। বিস্ফোরণের অভিঘাতে ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনটি লাইনের বাইরে ছিটকে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বহু দূর থেকেও তা শোনা যায়। রেল সূত্রে জানা গিয়েছে, রেললাইনের একটি বড় অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, রেল এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে। তদন্তকারীরা মনে করছেন, জাতীয় উৎসবকে সামনে রেখে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। সম্ভাব্য জঙ্গি যোগসূত্রের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ঘটনার পর পঞ্জাব জুড়ে রেলপথ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


