ভারতের মহিলা চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘোষণা করল, আগামী পাঁচ বছরের মধ্যে কর্মীসংখ্যার অন্তত ৩০ শতাংশই হবেন মহিলা। শুধু তাই নয়, নতুন নিয়োগে মহিলাদের জন্য ৩০ শতাংশ পদ সংরক্ষিত রাখার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
এসবিআইয়ের দাবি, এই উদ্যোগের লক্ষ্য কর্মক্ষেত্রে লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়নকে আরও মজবুত করা। বর্তমানে ব্যাঙ্কটির মোট কর্মীসংখ্যা ২.৪ লক্ষেরও বেশি—যা দেশের যেকোনও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক। এর মধ্যে মহিলার সংখ্যা এখন প্রায় ২৭ শতাংশ, যদিও ফ্রন্টলাইন পদে সেই হার ৩৩ শতাংশের কাছাকাছি। এবার সেই সংখ্যাই বাড়ানোর পথে এগোচ্ছে ব্যাঙ্কটি।
সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার জানিয়েছেন, “নারীদের অংশগ্রহণ বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে আমরা ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছি।”
তবে এখানেই শেষ নয়। মহিলাদের কর্মপরিসরকে আরও সহায়ক করতে ব্যাঙ্ক আনছে স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ প্রকল্প। এর মধ্যে থাকবে জরায়ু ও স্তন ক্যানসার পরীক্ষা, গর্ভবতী কর্মীদের জন্য বিশেষ পুষ্টি ভাতা, এবং আরও উন্নত মহিলা-বান্ধব কর্মপরিবেশ।
বর্তমানে গোটা দেশে SBI-র রয়েছে ৩৪০টি মহিলা পরিচালিত শাখা, এবং ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও করছে ব্যাঙ্ক। নারী শক্তিকে স্বীকৃতি দিয়ে, কর্মজগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপনের পথে এগিয়ে যাচ্ছে এসবিআই।


