বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে ফের মুখ্যমন্ত্রী, ত্রাণ ও পুনর্গঠনে জোর মমতার

Spread the love


প্রলয়ঙ্করী হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষদের পাশে ফের দাঁড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। রবিবার দমদম বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী জানান, “উত্তরবঙ্গে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আমি নিজে গিয়ে সবকিছু খতিয়ে দেখব, প্রশাসনিক বৈঠক করব এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেব।”

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে শুরু হয়েছে পুনর্গঠনের কাজ। ভেঙে যাওয়া সেতু, রাস্তা ও বিদ্যুৎ সংযোগ মেরামতিতে জোর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের টিম দিনরাত কাজ করছে। রোহিনী ও মিরিকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। স্থানীয় মানুষ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।”

তবে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “আমরা কেন্দ্রের সাহায্যের আশায় বসে থাকি না। রাজ্যের সামর্থ্য অনুযায়ী মানুষকে রক্ষা ও পুনর্বাসনে যা করার, সব করছি।”

আগামী কয়েকদিন মুখ্যমন্ত্রীর রয়েছে ব্যস্ত কর্মসূচি। রবিবার হাসিমারায় প্রশাসনিক বৈঠক, সোমবার নাগরাকাটা, মঙ্গলবার মিরিক এবং পরবর্তী দিনগুলিতে দার্জিলিং ও কালিম্পং পরিদর্শন করবেন তিনি। উদ্ধারকাজে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন — সেই পুলিশ, সিভিল ডিফেন্স ও স্থানীয় বাসিন্দাদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গের দুঃসময়ে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক উপস্থিতি ও তৎপরতা রাজ্যবাসীর মধ্যে এক আশার প্রতীক হয়ে উঠেছে। প্রশাসনের শীর্ষমহলের দাবি, “দুর্যোগের পর এত দ্রুত পুনর্গঠন কোনও সময় দেখা যায়নি।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *