৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার শিল্পার বয়ান রেকর্ড করা হয়, পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও সংগ্রহ করেছে তদন্তকারী দল।
সূত্রের খবর, এদিন শুধুমাত্র থানায় নয়, শিল্পার বাড়িতেও পৌঁছে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বই পুলিশ। তাঁর আর্থিক লেনদেন, বিনিয়োগ ও ব্যবসায়িক যোগসূত্র সম্পর্কিত নানা প্রশ্ন করা হয় অভিনেত্রীকে।
এর আগে সেপ্টেম্বরে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে আবারও ডাকা হবে তদন্তের স্বার্থে।
উল্লেখ্য, গত আগস্টে মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি একটি এফআইআর দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন— তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা বিনিয়োগ নিয়েছিলেন রাজ ও শিল্পা তাঁদের সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর ব্যবসা সম্প্রসারণের জন্য। কিন্তু সেই সংস্থা বন্ধ হয়ে যায় এবং টাকার কোনও হদিশ মেলে না।
অভিযোগে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দেওয়া ওই টাকা তারকাদম্পতি ব্যক্তিগত স্বার্থে খরচ করেছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত দেননি। এই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশ রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে।


