রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সময়সীমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাপ। সবচেয়ে বেশি ধকল যাচ্ছে বিএলও-দের উপর। প্রায় দিনরাত কাজ করতে হচ্ছে তাঁদের। তবে এই অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের দপ্তরের নিয়মিত কাজেও গাফিলতি চলবে না—এমনই নির্দেশ দিল নবান্ন।
শনিবার নবান্নের ১৩ তলায় জেলাশাসকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে এই বার্তা দেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি স্পষ্ট জানান, “এসআইআর চলবে ঠিকই, কিন্তু উন্নয়নমূলক কাজ যেন এক দিনও থমকে না যায়।”
বৈঠকে তিনি আরও বলেন—বিভিন্ন দপ্তরের যেসব উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। ‘আমার পাড়া–আমার সমাধান’ কর্মসূচির কাজ দ্রুত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে।
সম্প্রতি এসআইআরের কাজের চাপে কয়েকজন বিএলও-র মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যসচিব। জেলাশাসকদের নির্দেশ দেন-প্রয়াত বিএলও-দের পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রশাসনকে।


