ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বহুল প্রতীক্ষিত বিয়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। বিয়ের দিন ঠিক ছিল ২৩ নভেম্বর, সাংলিতে। কিন্তু বিয়ের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধনা। নাশতা করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই পরিস্থিতিতে কোনওভাবেই আনন্দের অনুষ্ঠান করতে রাজি হননি স্মৃতি। তাঁর ম্যানেজারও নিশ্চিত করেছেন যে বাবার অসুস্থতা থেকেই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
পরিবার এখন সম্পূর্ণ গোপনীয়তা চাইছে। কবে নতুন করে বিয়ের দিন ঠিক হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। ক্রিকেটপ্রেমী থেকে সাধারণ মানুষ—স্মৃতির এই সিদ্ধান্তে বহুজনই তাঁর পাশে দাঁড়িয়েছেন।


