সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো রাষ্ট্রপতিকে চিঠি লিখে স্বামীর “অবৈধ” গ্রেপ্তারির বিষয়ে হস্তক্ষেপের আবেদন করেছেন এবং অবিলম্বে তাঁর মুক্তির আর্জি জানিয়েছেন। একই আবেদন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, লাদাখের উপরাজ্যপাল ও লাদাখ পুলিশকেও পাঠানো হয়েছে।
জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস আইন ২০১৯-এর পর থেকে লাদাখবাসী ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন করছেন। শান্তিপূর্ণ এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন আন্তর্জাতিক পুরস্কারজয়ী সোনম। তবে গত সপ্তাহে হঠাৎই পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠে, চারজন প্রাণ হারান এবং ৮০-এর বেশি আহত হন। এরপরই সোনমকে জাতীয় সুরক্ষা আইনের আওতায় গ্রেপ্তার করে যোধপুরের জেলে নেওয়া হয়।
গীতাঞ্জলি জানিয়েছেন, দীর্ঘ দুই সপ্তাহ অনশনে থাকা অসুস্থ সোনমের সঙ্গে কোনো যোগাযোগ বা চিকিৎসার তথ্য তাদের কাছে নেই। তিনি প্রশ্ন তুলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন, জলবায়ু রক্ষা নিয়ে সচেতনতা তৈরি বা আইনি লড়াই করা কি অপরাধ? দেশের প্রথম নাগরিকের কাছে এই পরিস্থিতি তুলে ধরে তিনি স্বামীর মুক্তি ও সুরক্ষার জন্য হস্তক্ষেপের আবেদন করেছেন।


