গত আর্থিক বছরে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ প্রশ্ন তোলেন— বিগত অর্থবর্ষে কতজন পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। উত্তরে শিক্ষামন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে মোট ১৯ হাজার ৪৭১ জন ছাত্রছাত্রী ঋণ নিয়েছেন।
তিনি আরও জানান, আলিপুরদুয়ার জেলায় এই সংখ্যাটা ২৭০ জন, আর কুমারগ্রাম ব্লকে ২১ জন ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ঋণ পেয়েছেন।
‘২১-এর বিধানসভা নির্বাচনের ইস্তেহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট প্রকল্প চালু করবেন। ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতি রূপায়িত হয়। এই প্রকল্পে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়, যার গ্যারান্টার সরকার।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, প্রকল্পের সুবিধা নিয়ে বহু পড়ুয়া ইতিমধ্যেই তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করছেন।


