দেশের বিচারব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সুপ্রিম কোর্টে মামলার তালিকা তৈরি এবং কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে, সেই প্রক্রিয়ার একটি বড় অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে।
বর্তমানে সুপ্রিম কোর্টে কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে প্রধান বিচারপতির হাতে। এই কারণেই তাঁকে ‘মাস্টার অফ রোস্টার’ বলা হয়। তবে মামলার দৈনিক তালিকা তৈরি, কোন মামলা কবে শুনানিতে উঠবে এবং তালিকায় তার ক্রম—এসব নির্ধারণের দায়িত্ব থাকে আদালতের রেজিস্ট্রারদের উপর।
সম্প্রতি এই লিস্টিং পদ্ধতিতে একাধিক অনিয়ম ও ফাঁকফোঁকর নজরে আসে প্রধান বিচারপতি সূর্য কান্তের। এর আগে মামলার লিস্টিং ও বেঞ্চ বিন্যাস নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছিল। অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে মামলার শুনানির তালিকা তৈরি নিয়ে অস্বচ্ছতা রয়েছে।
এই পরিস্থিতিতে স্বচ্ছতা বাড়ানো এবং পুরো প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও দ্রুত করতে AI ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, এতদিন পুরনো প্রযুক্তি এবং প্রশাসনিক গাফিলতির কারণে মামলার তালিকা তৈরিতে নানা সমস্যা দেখা দিচ্ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে সেই সমস্যাগুলি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
যদিও এই সিদ্ধান্ত এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। সুপ্রিম কোর্টের তরফে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


