লোকায়ুক্ত বৈঠকে যোগ দিচ্ছেন না শুভেন্দু, নবান্নের আমন্ত্রণও ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা

Spread the love

রাজ্যের ডাকা লোকায়ুক্ত কমিটির বৈঠকে আমন্ত্রিত হলেও নবান্নে যাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার নবান্নে আয়োজিত লোকায়ুক্ত কমিটির বৈঠকে তাঁর উপস্থিতি প্রত্যাশিত ছিল। প্রতি বছরের মতো এবারও বিরোধী দলনেতার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজ্য সরকার। কিন্তু শুভেন্দু জানিয়ে দিয়েছেন, তিনি ওই বৈঠকে থাকছেন না।

রীতি অনুযায়ী লোকায়ুক্ত কমিটির বার্ষিক বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিত থাকা বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কমিটির বৈঠকে অন্যান্য সদস্যদের সঙ্গে শুভেন্দুকেও ডাক পাঠানো হয়। তবে গত চার বছরে কোনও বৈঠকেই অংশ নেননি তিনি। প্রশাসনিক বা বিধানসভায় আয়োজিত গুরুত্বপূর্ণ আলোচনাতেও যোগ দেননি বিরোধী দলনেতা।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে পরিষ্কার জানিয়ে দেন শুভেন্দু যে, তিনি সোমবারের বৈঠকে যাবেন না। তাঁর অভিযোগ, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আলোচনায় বসার কোনও প্রশ্নই নেই। পাশাপাশি বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যাঁদের হাতে বিজেপি নেতা-কর্মীদের রক্ত, তাঁদের সঙ্গে হাসিমুখে বৈঠকে বসা সম্ভব নয়। তবে এই বিষয়ে বিরোধী দলনেতার অফিস থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *