টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ফের বিতর্কের কেন্দ্রে Eden Gardens। বুধবার দক্ষিণ আফ্রিকার ইনিংসে অধিনায়ক Aiden Markram-এর বিতর্কিত আউট ঘিরে উত্তাল নেটদুনিয়া। বহু ক্রিকেটপ্রেমীর দাবি, ক্যাচ নেওয়ার আগেই বল মাটি ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই শুরু হয় জোর বিতর্ক। যেহেতু টিভি আম্পায়ার ছিলেন ভারতের Nitin Menon, তাই একাংশ নেটিজেন ষড়যন্ত্রের ইঙ্গিতও করতে শুরু করেন।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক Mitchell Santner। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হানেন Cole McConchie। মাত্র ১০ রান করে ফিরে যান Quinton de Kock। পরের বলেই আউট Ryan Rickelton। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করেন মার্করাম ও Dewald Brevis। দু’জনে মিলে ৪৩ রানের জুটি গড়েন। অষ্টম ওভারে বল করতে আসেন Rachin Ravindra। তাঁর ওভারের চতুর্থ বলেই বড় শট খেলেন মার্করাম। বাউন্ডারি লাইনের দিক থেকে দৌড়ে এসে বল তালুবন্দি করেন Daryl Mitchell। তবে ক্যাচটি সঠিকভাবে ধরা হয়েছে কিনা, তা নিয়ে নিজেও পুরোপুরি নিশ্চিত ছিলেন না মিচেল। তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন তিনি।
রিপ্লে দীর্ঘক্ষণ খতিয়ে দেখার পর আউটের সিদ্ধান্ত দেন নীতীন মেনন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেরই দাবি, বল মাটি ছুঁয়ে গিয়েছিল। সেই কারণেই মিচেলও ক্যাচ নিয়ে সংশয়ে ছিলেন বলে মত নেটিজেনদের। ভারতীয় আম্পায়ারকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।
৭৭ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর কার্যত ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। সেখানেই ইনিংসে প্রাণ ফেরান Marco Jansen। ছয় নম্বরে নেমে মাত্র ৩০ বলে ঝোড়ো ৫৫ রান করে দলকে লড়াইয়ে ফেরান তিনি। ব্রেভিসের ৩৪ ও Tristan Stubbs-এর ২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তোলে প্রোটিয়ারা।
এখন প্রশ্ন, শিশিরে ভেজা ইডেনে এই রান রক্ষা করতে পারবেন কি দক্ষিণ আফ্রিকার বোলাররা? নাকি বিতর্কের মাঝেই ম্যাচ ঘুরিয়ে দেবে কিউয়িরা? ক্রিকেটমহলের নজর এখন সেমিফাইনালের বাকি নাটকীয়তার দিকেই।


