টলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন অভিনেতা। তবে সকাল হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিচারিকার। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দ্রুত চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, ভোররাতেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
অভিনেতার পরিবারে রয়েছেন পুত্র, পুত্রবধূ এবং কন্যা। তাঁর হঠাৎ প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং সহকর্মীদের মধ্যে।
সোমবার বিকেল চারটের সময় অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। সেখানে সহকর্মী ও অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়ে আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী চলে গেলেন।”
বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে টলিউডে তৈরি হল এক বড় শূন্যতা।


