শান্তিপুর হাসপাতালে রোগী মৃত্যুতে বিক্ষোভ, কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা

Spread the love

নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে মৃতের পরিবার ও স্বজনরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও হন কয়েকজন এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। একইসঙ্গে হাসপাতালের ভেতরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকা রোগীকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময়ই রোগীর মৃত্যু হয়।

ঘটনায় আহত চিকিৎসক লিখিত অভিযোগ জমা দিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তারক বর্মনের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায়ও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *