নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে, বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা থাকলেও কমিশনের কার্যকলাপ এখন গুরুতর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের আপিল করার অধিকার কার্যত খর্ব করা হচ্ছে। যা গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে শাসকদল।
এখানেই থেমে থাকেনি তাদের আক্রমণ। সরাসরি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তৃণমূলের দাবি, পরাজয়ের আশঙ্কায় বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করছে। উদ্দেশ্য একটাই—বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া।
এই পরিস্থিতিতে তৃণমূল স্পষ্ট জানিয়েছে, এই ইস্যুতে তারা চুপ করে বসে থাকবে না। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই আগামী দিনেও জারি থাকবে বলেই জানানো হয়েছে দলীয় বার্তায়।


