শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে আটক করা হয়। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আজই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি কোর্টে তোলা হবে তাঁকে।
বছর দুই আগে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ। অভিযোগ, তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ করে মোটা টাকার বিনিময়ে নিজের এলাকার বহু মানুষকে শিক্ষক পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এমনকি প্রমাণ নষ্ট করার জন্য মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল।
ইডি সূত্রে খবর, সোমবারও এজেন্সির হানা পড়তেই জীবনকৃষ্ণ পালানোর চেষ্টা করেন এবং ফের মোবাইল ফোন পুকুরে ছুড়ে দেন। তবে কেন্দ্রীয় বাহিনী তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ। ইডির দাবি, চাকরি ‘বিক্রি’র টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এবং আত্মীয়-পরিজনদের চাকরি পাইয়ে দেওয়ার প্রমাণও রয়েছে।
এই ঘটনায় ফের তৃণমূলের অন্দরেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের আলোচিত এসএসসি নিয়োগ মামলায় বিধায়কের এই দ্বিতীয় গ্রেপ্তার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।


