SIR-এর মধ্যেই ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করতে প্রস্তুত তৃণমূল, ধর্মতলায় বড় জমায়েতের পরিকল্পনা

Spread the love

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের কাজ জোরকদমে চলছে। ঠিক এই সময়েই ৬ ডিসেম্বরের সংহতি দিবসকে কেন্দ্র করে বড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলার মেয়ো রোডে অনুষ্ঠিত হতে চলা এই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার সম্ভাবনা রয়েছে। ছাত্র, যুব ও সংখ্যালঘু সংগঠনের হাতে পুরো প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় জানান, ৬ ডিসেম্বর প্রতি বছরই সংহতির বার্তা ছড়ানোর দিন হিসেবে পালন করা হয়। বাবরি ধ্বংসের ওই তারিখকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতেই তৃণমূলের এই উদ্যোগ। এবছরও ছাত্র-যুব সংগঠন মিলেই অনুষ্ঠানটি করবে।

এদিকে SIR চলায় ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে। বিজেপি দাবি করছে— ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, এমনকি আধার দেখিয়ে নাম তুলেছেন এমন ব্যক্তিদেরও এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিশেষত বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জেরে রাজ্যের আবহ আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে রাজ্যে কোনও প্রকার উত্তেজনা না ছড়ায়, তার জন্যই শাসকদল ‘সংহতি দিবস’কে গুরুত্ব দিয়ে পালন করতে চাইছে। তৃণমূল সূত্রের মতে, ৬ ডিসেম্বরের মঞ্চ থেকে মমতা ও অভিষেক কী বার্তা দেন, সেটাই এবার নজর কাড়বে রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *