টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে বিতর্ক: মুখ খুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Spread the love

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা ফেলা নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির কোনও দিনই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি বদলের জন্য যথার্থ হতে পারে না।

আগামী ২৮ অগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএ এলএলবি চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নির্ধারিত রয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে টিএমসিপি প্রশ্ন তুললে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন এবং দিল্লির হস্তক্ষেপের অভিযোগ তোলেন।

এ প্রসঙ্গে শান্তা দত্ত দে বলেন, “আমরা কোনও রাজনৈতিক দলের দিনক্ষণ ধরে পরীক্ষা স্থগিত করতে পারি না। আজ যদি তৃণমূলের দিন মানি, কাল সিপিএম, বিজেপি, বা অন্যদেরও মানতে হবে। এটা সম্ভব নয়।” তিনি জানান, তিন মাস আগেই ‘বোর্ড অফ স্টাডিজ’ এই পরীক্ষার দিন নির্ধারণ করেছে এবং সরকারি ছুটির দিন এড়িয়ে সূচি তৈরি হয়েছে।

উপাচার্য আরও বলেন, “আমাদের দায়িত্ব শিক্ষাবর্ষ মেনে চলা। কোনও দলের অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে পরীক্ষার তারিখ বদলে ফেলা সম্ভব নয়।”

এই বিষয়ে ছাত্র সমাজ দ্বিধাবিভক্ত হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড়। ২৮ অগস্ট নির্ধারিত সময়েই পরীক্ষা হবে বলে সাফ জানিয়ে দিলেন উপাচার্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *