এশিয়া কাপ ২০২৫ আদৌ হবে কি না, সেই প্রশ্নের এখনও কোনও স্পষ্ট উত্তর নেই। বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হলেও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না এসিসি প্রধান মহসিন নকভি। তিনি জানান, সব সদস্য দেশ মিলেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এশিয়া কাপের সূচি বা আয়োজক দেশ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রথমে শোনা গিয়েছিল, বিসিসিআই এই বৈঠকে যোগ দেবে না। তবে শেষ পর্যন্ত অনলাইনে উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধি। বৈঠকে অংশ নেয় এসিসির ২৫টি সদস্য দেশ। নকভি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক। সবাই রাজনীতির উর্ধ্বে উঠে ক্রিকেটের স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।
তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নকভি শুধু বলেন, আলোচনা চলছে। কবে সূচি ঘোষণা হবে, কোথায় খেলা হবে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না—এসব কোনও প্রশ্নেরই সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।
আগে ঠিক ছিল, এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর, ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাব্য দিন ছিল ৭ সেপ্টেম্বর। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকের পরেও এই সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রশ্ন উঠছে—সত্যিই কি এশিয়া কাপ আয়োজন করা সম্ভব?


