বিয়ের এক বছরের মাথায় ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সোমবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের রতনপুর তারাপুরপাড়ায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এজাজ আহমেদ (২১) নামে ওই যুবক। অন্যদিকে অভিযুক্ত আসরিন খাতুন নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে হাসুয়া। পরিবার সূত্রের খবর, বছর খানেক আগেই সামসেরগঞ্জের রতনপুর তারাপুরপাড়া এলাকার পেশায় মাছ বিক্রেতা যুবক এজাজ আহমেদের সঙ্গে বিয়ে হয় লালপুর এলাকার যুবতী আসরিন খাতুনের সঙ্গে। প্রেমের সম্পর্ক ছিল তাদের। যদিও অনুষ্ঠান করে বিয়ে হয়। কিন্তু ইজাজ আহমেদের পরিবারের লোকজনের দাবি, হঠাৎই সোমবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাসুয়া দিয়ে ইজাজ আহমেদকে কোপাতে থাকে স্ত্রী আসরিন। চিতকার চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে সকলের। ততক্ষণে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে হইচই সৃষ্টি হয়। রক্তাক্ত অবস্থায় ইজাজ আহমেদকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থার অবনতি হলে জঙ্গিপুর হাসপাতাল ও পরে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয়। ঘটনায় অভিযুক্ত বৌমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজাজ আহমেদের বাবা রাজিবুল্লা শেখ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন। যদিও কি কারণে স্বামীকে এভাবে কুপিয়ে মেরেছে স্ত্রী তা নিয়ে এখনও স্পস্ট নয় এজাজ আহমেদের পরিবার।সামশেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


