উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক জনসভা থেকে ফের একবার অযোধ্যা ও রামমন্দির প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাবরি মসজিদ কোনও জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যাঁরা এখনও সেই স্বপ্ন দেখছেন, তাঁদের স্বপ্ন কোনওদিনই পূরণ হবে না।
এদিন বিজেপির অযোধ্যা সংক্রান্ত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে যোগী বলেন, দল কথা দিয়েছিল রামলালার জন্য অযোধ্যায় আসবে এবং একই স্থানে রামমন্দির নির্মাণ করবে। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ আদালতের যে ঐতিহাসিক রায় এসেছে, তাতে কোনওদিনই পচন ধরবে না।
ভারতের ঐতিহ্য ও সনাতন ধর্মের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, গেরুয়া পতাকা চিরকাল দেশকে গর্বিত করে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা সনাতন ধর্মের প্রতীক হিসেবেই বিবেচিত।
রামভক্তি নিয়েও এদিন তীব্র মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কিছু মানুষ কেবল সংকটের সময়ে ভগবান রামকে স্মরণ করেন, অন্য সময়ে তাঁকে ভুলে যান। যোগীর দাবি, ভগবান রামও এই ধরনের মানুষদের ভুলে গিয়েছেন। তিনি আরও বলেন, যাঁরা রামভক্তদের উপর গুলি চালিয়েছেন বা রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন, তাঁদের কোনও স্থান নেই।
ভারত ও সনাতন ধর্মকে একে অপরের পরিপূরক বলে উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন, এই দুইকে আলাদা করা যায় না। তাঁর অভিযোগ, বর্তমানে দেশ ও সনাতন—উভয়ই আক্রমণের মুখে। কিছু মানুষ ষড়যন্ত্র করছে, আর তার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। এমনকি নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ কেউ নিজেদের বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দেন যোগী। তাঁর সাফ কথা, মানুষকে নিয়ম মেনে চলতে শিখতে হবে। যাঁরা আইন মানবেন, তাঁরা লাভবান হবেন। আর যাঁরা আইন অমান্য করবেন, তাঁদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।
বারাবাঁকির জনসভা থেকে যোগীর হুংকার: বাবরি মসজিদ আর কোনওদিন পুনর্নির্মিত হবে না


