মমতার কটাক্ষ: “অমিত শাহই যেন প্রধানমন্ত্রীর জায়গা দখল করেছেন”

Spread the love

রাজ্যের বিধানসভা ভোটের আগে ফের তীব্র রাজনৈতিক সুর। উত্তরবঙ্গ সফর শেষে ফেরার পথে বুধবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ভোটের জন্য কোটি কোটি টাকা থাকে, কিন্তু ত্রাণের জন্য এক পয়সাও নেই। এটাই ওদের নীতি। মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করছে বিজেপি।”

এরপরেই নাম না করেই অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “কমিশন, তদন্ত—সবই এখন এক জনের নির্দেশে চলে। মনে হয় উনি-ই এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তাঁর কড়া বার্তা, “সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না, নইলে মীরজাফরের মতো পরিণতি হতে পারে। আমি দুঃখিত, কিন্তু সত্যিটা বলতেই হচ্ছে।”

দুর্যোগ কবলিত উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত, “ঘটনাস্থল তো বিজেপিরই এলাকা। এমপি, এমএলএ সবই ওদের। তাই প্রশ্ন ওঠে—এটা কি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব নয়?”

প্রশাসনের অনুমতি ছাড়া বিজেপি প্রতিনিধিদলের দুর্গত এলাকায় প্রবেশ নিয়েও মুখ্যমন্ত্রীর অসন্তোষ, “৩০-৪০টা গাড়ি নিয়ে উদ্ধারকাজের সময় এলাকায় ঢোকা কতটা যুক্তিসঙ্গত? আগে তো মানুষের প্রাণ বাঁচানো দরকার, তারপর রাজনীতি।”

ডিভিসির জলছাড়া নিয়েও তোপ দেগে মমতা বলেন, “মানুষের ঘরবাড়ি ভেসে যাচ্ছে, সেই সময়েও জল ছাড়া হল! এটা নিছক অবহেলা নয়, এটা অপরাধ।”

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সামাল দিতে তিনি ফের আশ্বাস দেন, “সরকার মানুষের পাশে আছে। যাঁরা সব হারিয়েছেন, তাঁদের পুনর্বাসন ও সাহায্য দেওয়া হবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *