লখনউয়ের মহিলা চিকিৎসকের গ্রেপ্তার, জইশের মহিলা ব্রিগেডের সঙ্গে যোগের অভিযোগ

Spread the love

ফরিদাবাদে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের সূত্র ধরে গ্রেপ্তার হলেন লখনউয়ের মহিলা চিকিৎসক শাহিন শাহিদ। পুলিশ জানিয়েছে, জইশ-ই-মহম্মদের মহিলা ব্রিগেড গঠনের অন্যতম দায়িত্বে ছিলেন তিনি। সোমবার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় এই গ্রেপ্তারি নতুন মোড় এনেছে।

সূত্র অনুযায়ী, আল-ফালা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহিনের গাড়ি থেকেই উদ্ধার হয় একটি অ্যাসল্ট রাইফেল। তদন্তকারীদের দাবি, বাহ্যত চিকিৎসকের চাকরি করলেও গোপনে জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন তিনি। পুলিশ মনে করছে, পহেলগাঁও হামলার বদলা নিতে তৈরি হওয়া নতুন মহিলা জঙ্গি সংগঠন ‘জামাত-উল-মোমিনাত’-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল শাহিনের।

পহেলগাঁও হামলায় মাসুদ আজাহারের পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার পর তার বোন সাদিয়া এই মহিলা ব্রিগেড তৈরির দায়িত্ব নেন। জইশের ভাওয়ালপুর ঘাঁটি ‘মারকাজ-উসমান-ও-আলি’ থেকেই সেই সংগঠনের কাজ শুরু হয়। শাহিন শাহিদ ছিলেন সেই নেটওয়ার্কের ভারতের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে অন্যতম। তদন্তকারীদের অনুমান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় এই ব্রিগেড নিজেদের জাল ছড়াতে শুরু করেছিল।

এদিকে ফরিদাবাদের ভাড়াবাড়ি থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় মুজাম্মিল গনি ওরফে মুসাইব নামে আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনের মধ্যে যোগাযোগের সূত্রেই সামনে এসেছে শাহিনের নাম। পুলিশ মনে করছে, দিল্লির লালকেল্লার কাছে হওয়া ভয়াবহ বিস্ফোরণের সঙ্গেও এই চক্রের যোগ থাকতে পারে।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বিস্ফোরক আইন এবং বিএনএসের একাধিক ধারায়ও মামলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন, শাহিন শাহিদ ও তার নেটওয়ার্ককে জেরা করলেই জইশের নতুন মহিলা জঙ্গি মডিউল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *