বাংলার ক্রীড়া পরিকাঠামোয় নতুন ইতিহাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠল ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক হকি স্টেডিয়াম — বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভারচুয়ালি এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বিশিষ্টজনেরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক স্টেডিয়ামে রয়েছে ২২ হাজার দর্শকাসনের ব্যবস্থা। আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের অবকাঠামোয় সাজানো এই মাঠকে কেন্দ্র করে ফের জেগে উঠছে বাংলার হকির আশার আলো।
দীর্ঘদিন ধরে কলকাতায় আন্তর্জাতিক মানের কোনও হকি স্টেডিয়াম ছিল না। একসময় ভারতীয় হকির প্রাণকেন্দ্র হলেও, সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়েছিল এই শহর। সেই শূন্যতা পূরণেই ২০২১ সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় নতুন স্টেডিয়াম তৈরির কাজ।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই স্টেডিয়াম তৈরি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আদলে। এখানে থাকবে সিন্থেটিক টার্ফ, আর্দেন গ্যালারি, ওয়ার্ম-আপ জোন, দুইটি ড্রেসিং রুম, ভিভিআইপি ও ভিআইপি বক্স, ভিডিও অ্যানালিস্ট রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, পাশাপাশি সম্প্রচারের জন্য আধুনিক কেন্দ্র ও প্রেস কর্নার।
শহরের ক্রীড়াপ্রেমীদের মতে, এই স্টেডিয়াম শুধু বাংলার নয়, সমগ্র ভারতের হকির নতুন অধ্যায় শুরু করবে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন, “খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। বাংলার প্রতিটি জেলায় এখন আমরা ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি।”


