মমতার হুঁশিয়ারি: “আমি যাব, দেখি কার কত দম” — ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদল আটকানোয় মুখ্যমন্ত্রীর ক্ষোভ

Spread the love

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজনীতি ঘিরে ফের উত্তেজনা। মঙ্গলবার বিজেপি শাসিত রাজ্যে ভাঙচুর করা হয় তৃণমূলের পার্টি অফিস। তার পরদিন, বুধবার আগরতলা উড়ে যান তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। কিন্তু অভিযোগ, বিমানবন্দরেই তাঁদের আটকে দেয় স্থানীয় প্রশাসন। এমনকি প্রিপেড ট্যাক্সি ধরতেও দেওয়া হয়নি। এই ঘটনাকে ঘিরে প্রবল ক্ষোভে ফেটে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফর শেষে দমদম বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি ওদের বলেছি, হেঁটে যেও।” এরপর বিজেপির উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আগে নিজের ঘরের দিকে তাকান।” সুর চড়িয়ে চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? গণতন্ত্রে এই ধরণের আচরণ চলতে পারে না।”

ত্রিপুরায় তৃণমূলের দাবি, বিজেপি সরকার বিরোধী দলকে দমন করতে প্রশাসনকে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপি সূত্রে জানানো হয়েছে, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা-তৃণমূল সম্পর্ক আরও তিক্ত হতে পারে, এবং মুখ্যমন্ত্রীর সরাসরি ‘আমি যাব’ মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *