কলকাতা মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনুষ্ঠানের মঞ্চে একবারও উচ্চারণ করা হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অথচ রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলির নকশা করেছিলেন তিনিই। বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ্যের। আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিদ্ধ করল তৃণমূল।
দমদমে মোদির সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “মেট্রো সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বাজেটে অর্থ বরাদ্দ করেছিলেন। অন্তত একবার কৃতজ্ঞতাস্বরূপ তাঁর নাম নেওয়া উচিত ছিল।” একই সুরে শশী পাঁজার বক্তব্য, ভোটের আগে কেবল নির্বাচনী ফায়দা তুলতেই এমন উদ্বোধনী শোরগোল।
শুক্রবার উদ্বোধন করা হয় অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া–বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ–হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া–বারাসত রুট। তবে আপাতত তিনটি স্টেশন—নোয়াপাড়া, যশোর রোড ও জয় হিন্দে চলবে মেট্রো।
তৃণমূলের দাবি, ২০০৯–১০ সালে রেল বাজেটে এই প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এসে বরাদ্দ কমিয়ে দেয়। এখন ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করে কৃতিত্ব কুড়িয়ে নিতে চাইছে কেন্দ্র।


