সময়টা একেবারেই ভালো যাচ্ছে না উদীয়মান অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির। ইংল্যান্ড সফরে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়ে দেশে ফিরতে হয়েছে তাঁকে। আর দেশে ফিরে জড়িয়ে পড়লেন আইনি ঝামেলায়। দিল্লি হাই কোর্টে তাঁর বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করেছে প্রাক্তন এজেন্ট সংস্থা ‘স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’। অভিযোগ, চুক্তি অনুযায়ী সংস্থাকে প্রাপ্য অর্থ না দিয়ে তা মেটাতে অস্বীকার করেছেন ২২ বছরের এই ক্রিকেটার।২০২১ সালে ওই এজেন্সির সঙ্গে চুক্তি করেন নীতীশ। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে একাধিক বিজ্ঞাপনের সুযোগ পান তিনি। আর্থিক অবস্থাও উন্নত হয় তাঁর। তবে, অস্ট্রেলিয়া সফরের সময় এজেন্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি এবং পরবর্তীতে অন্য এক ক্রিকেটারের এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন।চুক্তিভঙ্গের অভিযোগে প্রাক্তন সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে। মামলার শুনানি হতে পারে সোমবার।এদিকে, চোট-আঘাতও চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রবিবার ম্যাঞ্চেস্টারে জিম করতে গিয়ে হাঁটুতে চোট পান নীতীশ। স্ক্যানে ধরা পড়ে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি।২০২৪ সালে পার্থে টেস্ট অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ৭টি টেস্টে ১৩ ইনিংসে করেছেন ৩৪৩ রান, গড় ২৮.৫৮, একটি সেঞ্চুরি সহ। সঙ্গে রয়েছে ৮টি উইকেট। এই তরুণ অলরাউন্ডারের ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


