রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে বড়সড় রদবদল করা হল পুলিশ প্রশাসনে। রবিবার বিকেল চারটের সময় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২৭টি জায়গায় আইসি ও সিআই স্তরের পুলিশকর্তাদের বদলি করা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তার আগেই পুলিশ প্রশাসনে এই ব্যাপক রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে একাধিক থানার আইসিকে বদলি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আইসি ও সিআই পদেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও রামপুরহাট থানার আইসি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক আইসিকেও বদলি করা হয়েছে।
শুধু থানা স্তরেই নয়, রাজ্যের গোয়েন্দা শাখাতেও পরিবর্তন করা হয়েছে। সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদেও রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরেও বড়সড় রদবদল করা হয়েছিল। সিআইডির ডিআইজি, হাওড়ার জয়েন্ট সিপি, ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। পাশাপাশি মুর্শিদাবাদ, রায়গঞ্জ ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছিল। তখন মোট ১৩টি গুরুত্বপূর্ণ পদে পুলিশকর্তাদের বদলি করা হয়েছিল।
এর মধ্যেই আবার একাধিক থানার আইসি ও সিআই স্তরে রদবদল করল নবান্ন। তবে ভোটের আগে এই বদলি সম্পূর্ণ রুটিন বলেই দাবি পুলিশের।


