২৯ জানুয়ারি সাগরপাড়ে আচমকাই থেমে যায় এক উজ্জ্বল যাত্রা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিনোদন জগতকে। শুটিং সেটে তাঁর এই অকালপ্রয়াণ শুধু সিনেমা দুনিয়ার ক্ষতিই নয়, গভীর শূন্যতা তৈরি করেছে বাংলা থিয়েটার জগতেও। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি, তিনি ছিলেন সংবেদনশীল লেখক ও শক্তিশালী বক্তা—যাঁকে হারিয়ে শোকস্তব্ধ বাংলা সংস্কৃতি মহল।
তালসারির শুটিং সেটে কীভাবে ঘটল এই মৃত্যু, তা নিয়ে এখনও ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে পথে নামতে চলেছে নাগরিক সমাজ। এই আন্দোলনে সামিল হবেন রাহুলের ঘনিষ্ঠরাও।
এই শোকের আবহেই স্মৃতির সরণীতে হাঁটলেন পরিচালক ও নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধী। তাঁর থিয়েটার গ্রুপ ‘ইচ্ছেমতো’-র সঙ্গে একাধিক কাজ করেছিলেন রাহুল। সেই সূত্রে গড়ে উঠেছিল গভীর ব্যক্তিগত সম্পর্ক। তাই প্রিয় সহকর্মীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
রাহুলের লেখা ও সৌরভের নির্দেশনায় তৈরি জনপ্রিয় নাটক ‘যে জানলাগুলোর আকাশ ছিল’ ফের মঞ্চস্থ করার ঘোষণা করা হয়েছে। রাহুল আর নেই—তবে তাঁর লেখা, তাঁর ভাবনা, তাঁর সৃষ্টির মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন বলে মনে করছেন নাট্যজগতের মানুষজন।
নাটকটির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে দিয়েছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন—রাহুলের লেখনীই এই নাটকের প্রাণ, আর সেই প্রাণকে বাঁচিয়ে রাখতেই মঞ্চে ফিরছে এই প্রযোজনা।
রহস্যমৃত্যুর তদন্ত যেমন নিজের গতিতে এগোচ্ছে, তেমনই মঞ্চের আলোয় ফের জ্বলে উঠবে এক শিল্পীর স্মৃতি—এটাই এখন একমাত্র সান্ত্বনা নাট্যপ্রেমীদের কাছে।


