ভাঙা পায়ে ভর করেই দুর্দান্ত লড়াই পন্থের

Spread the love

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও বারবার প্রমাণ করেছেন, ঋষভ পন্থ শুধু একজন ক্রিকেটার নন—তিনি এক অসম সাহসিকতার নাম। এবার ফের একবার চোট উপেক্ষা করে দেশের হয়ে লড়লেন তিনি। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন রিভার সুইপ মারতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান পন্থ। পরদিন জানা যায়, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেও দেশের প্রয়োজনে থেমে থাকেননি তিনি।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের দুই উইকেট পড়ে যেতেই দেখা গেল, ধীর পায়ে সিঁড়ি বেয়ে মাঠে নামছেন পন্থ। যন্ত্রণায় কাতর শরীর নিয়েই একের পর এক রান নিচ্ছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়েও হার মানাননি। গ্যালারি তখন হাততালিতে ভরিয়ে দিচ্ছে মাঠ। শুধু লড়াই করেই থেমে যাননি, নিজের স্বভাবোচিত ভঙ্গিতে বাউন্ডারি মেরে অর্ধশতরানও পূর্ণ করেন তিনি।

স্টোকস-আর্চারের একের পর এক ইয়র্কার যখন লক্ষ্য করছে তাঁর চোট পাওয়া পা, তখনও পন্থ বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। আর্চারকে ছক্কা মেরে ছুঁয়ে ফেলেন ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড। পরের ওভারেই স্টোকসের বলে চার মেরে করেন হাফসেঞ্চুরি।

শেষমেশ সেই স্টোকসের বলেই আউট হয়ে থেমে যায় পন্থের ইনিংস। করেন ৫৪ রান। তাঁর আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অলআউট হয়ে যায় ভারত। সাই সুদর্শনের ৬১ ছিল সর্বোচ্চ স্কোর।

তবে পন্থ যা করে দেখালেন, তা শুধু ইনিংস নয়, এক সাহসিকতার নিদর্শন। ক্রিকেট মাঠে এমন লড়াই সত্যিই বিরল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *