শ্রেয়স আইয়ারের হাতে ভারত এ-র নেতৃত্ব

Spread the love

এশিয়া কাপে সুযোগ না পেলেও শ্রেয়স আইয়ারকে নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা স্পষ্ট হয়ে গেল। আইপিএলে তিনি ছিলেন তুঙ্গ ফর্মে। ১৭ ম্যাচে ৬০৪ রান, গড় ৫০.৩৩, স্ট্রাইক রেট ১৭৫—ব্যাট হাতে একেবারে ধারাবাহিক ছন্দে ছিলেন তিনি। তবুও জাতীয় দলে ডাক মেলেনি। কিন্তু হতাশ না করে বিসিসিআই এবার তাঁকে দিয়েছে নতুন দায়িত্ব। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স।

বর্তমানে তিনি খেলছেন দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে। প্রথম ইনিংসে খলিল আহমেদের বলে মাত্র ২৫ রানে আউট হলেও নির্বাচকদের চোখে তাঁর প্রতি ভরসা অটুট। তাই শেষমেশ ভারত ‘এ’ দলের নেতৃত্বভার তাঁর হাতেই তুলে দেওয়া হল। ১৬ সেপ্টেম্বর লখনউয়ে শুরু হচ্ছে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’-র প্রথম চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ২৩ সেপ্টেম্বর থেকে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজ গড়াবে কানপুরে, যেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলে যুক্ত হবেন কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। তবে কার জায়গায় তাঁরা ঢুকবেন, তা গোপন রাখা হয়েছে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, আয়ুষ বাদোনির মতো তারকারা সুযোগ পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও খলিল আহমেদও রয়েছেন এই দলে। আক্রমণে বৈচিত্র্য আনতে অন্তর্ভুক্ত করা হয়েছে মানব সুথার, যশ ঠাকুর, গুরনুর ব্রারদের মতো প্রতিভাবান বোলারদেরও।

সব মিলিয়ে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে তৈরি এই ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। অনেকদিন ধরেই জল্পনা চলছিল তাঁকে ভবিষ্যতে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। যদিও জাতীয় দলে সেই সুযোগ এখনও আসেনি, তবে ‘এ’ দলের দায়িত্ব পেয়ে যেন নিজের যোগ্যতা প্রমাণের আরেকটি মঞ্চ পেলেন শ্রেয়স।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *